২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে অপহৃত শিশু নরসিংদীতে উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত দেড় বছরের এক শিশুকে ১৩ দিন পর নরসিংদী থেকে উদ্ধার করেছে পু্লিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানার এসআই গোলাম সারোয়ারের নেতৃত্বে একদল পুলিশ নরসিংদী সদর মডেল থানা পুলিশের সহায়তায় শহরের বেপারীপাড়া থেকে শিশু ওবায়েদউল্লাহকে উদ্ধার করে।

তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার কায়েত শরীফের ছেলে ওবায়েদউল্লাহকে গত ২২ মার্চ অপহরণ করা হয়।

তার বাবা কায়েত শরীফ সাংবাদিকদের জানান, তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সীতারামপুরে গ্রামে। প্রতিবেশী দুই নারীর (দুজনের নামই কোহিনুর) সঙ্গে তাদের হৃদ্যতা ছিল। 

ওই দুই প্রতিবেশী  গত ২২ মার্চ দুপুর ১২টায় শিশুকে অপহরণ করে নিয়ে যায় বলে কায়েত শরীফ অভিযোগ করেন।

তিনি এই দুই নারীকে আসামি করে গত ২৪ মার্চ সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মতিন জানান, নরসিংদীর ব্যাপারী পাড়ার জনৈক বাবুর বাড়িতে ওই শিশুটিকে নিয়ে কহিনূর আশ্রয় নেয়। খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশের সহযোগিতায় পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।