চা নিলামকেন্দ্র চট্টগ্রামেই রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চা নিলামকেন্দ্র চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে স্থানান্তর না করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।
বুধবার এক বিবৃতিতে চেম্বার সভাপতি বলেন, ব্রিটিশ আমল থেকে দেশের ছোট-বড় মিলিয়ে ১৬৩টি চা বাগানে উৎপাদিত চা পাতার আন্তর্জাতিক নিলাম কার্যক্রম দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে হয়ে থাকে।
“চা পাতার আন্তর্জাতিক এই নিলামকে ঘিরে চট্টগ্রামে অক্শন হাউস, টেস্টিং সেন্টার, গুদামসহ বিভিন্ন ধরনের অবকাঠামোসমৃদ্ধ বিশাল এক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। তাই এই নিলাম প্রক্রিয়ার সাথে সরকারের ১৬০ কোটি টাকার রাজস্ব আদায়ের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৃহত্তর চট্টগ্রামের জনগোষ্ঠীর কর্মসংস্থানও জড়িত।”
এজন্য চেম্বার সভাপতির পক্ষ থেকে জরুরি একটি চিঠিও প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, চট্টগ্রামে চা নিলাম কার্যক্রমকে ঘিরে যে অবকাঠামো গড়ে উঠেছে তা শ্রীমঙ্গলে গড়ে তুলতে কমপক্ষে ৪ হাজার কোটি টাকা প্রয়োজন।
এতে দাবি করা হয়, ‘চট্টগ্রাম বিদ্বেষী একটি কুচক্রীমহল’ এই খাতকে ধ্বংস করতে দীর্ঘদিন ধরে চা পাতা নিলাম কার্যক্রম চট্টগ্রাম থেকে অন্যত্র সরিয়ে নেয়ার ‘ষড়যন্ত্র’ করছে।
