‘জামায়াত কর্মীকে’ সনদ: ৩ আ.লীগ নেতাকে তলব
পুলিশের উপর হামলার মামলায় জামায়াত-শিবির হিসাবে উল্লেখিত তিন ব্যক্তিকে আওয়ামী লীগের কর্মী হিসাবে সনদ প্রদানকারী তিন আওয়ামী লীগ নেতাকে তলব করেছে হাই কোর্ট।
কারাবন্দি ওই তিন আসামির করা জামিন আবেদনের শুনানির এক পর্যায়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এ আদেশ দেয়।
ওই তিন আওয়ামী লীগ নেতা হচ্ছেন, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি এসএম শওকত হোসেন, একই ১১ নম্বর ঝাউডাঙা ইউনিয়নের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষ, ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম।
আগামী ১৬ এপ্রিল তাদেরকে আদালতে হাজির হয়ে সনদ প্রদানের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে মামলার বাদী পুলিশের উপ-পরিদর্শক আজিজুলকেও ওইদিন আদালতে আসতে বলা হয়েছে।
একইসঙ্গে মুলতবি করা হয়েছে ওইদিন পর্যন্ত জামিন প্রার্থীদের আবেদন।
জামিন প্রার্থী ওই তিন ব্যাক্তি হচ্ছেন, শহিদুর রহমান লিটন, আবু সাঈদ, সিরাজুল ইসলাম। তাদেরকেসহ মোট ১২জনের নাম উল্লেখ করে সাতক্ষীরা সদর থানায় গত ১২ ফেব্রুয়ারি পুলিশের উপর হামলা ও ভাংচুরের অভিযোগে একটি মামলা হয়। মামলায় ১৫০-২০০জন অজ্ঞাতনামা ব্যক্তি আসামি রয়েছেন।
কারাবন্দি ওই ‘তিন জামায়াত-শিবির নেতার’ হাই কোর্টে করা জামিন আবেদনে আওয়ামী লীগ নেতাদের সনদ যুক্ত করে দেয়া হয়।
আসামি পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এমএ মুনতাকিম। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মামুনুর রশিদ।
পৃথক তিনটি সনদে তিন আসামি সম্পর্কে ওই সনদ দেন তিন আওয়ামী লীগ নেতা। প্রায় একই ভাষায় লেখা হয় ওই তিন সনদ।
যাতে বলা হয়, আসামিরা আমার পরিচিত। তারা এবং তাদের পরিবার বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের স্বভাব চরিত্র ভালো। তারা রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত নহে।
