সম্পদের তথ্য গোপন: কাস্টমস কর্মকর্তার স্ত্রী কারাগারে
জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় এক কাস্টমস কর্মকর্তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালাত।
বুধবার দুপুরে আখতার জাহান লাইলী নামের ওই মহিলা চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলাম আদালতে আত্মসমপর্ণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
লাইলী চট্টগ্রাম কাস্টমসের প্রিভেন্টিভ শাখার সুপারিনটেনডেন্ট মঞ্জুরুল হক চৌধুরীর স্ত্রী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫৪ লাখ ২৭ হাজার টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
দুদকের উপ সহকারী পরিচালক সাইফুল্লাহ মো. ইমরান বাদি হয়ে ডবলমুরিং থানায় মামলাটি করেন।
অ্যাডভোকেট মাহমুদুল আরও জানান, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আখতার জাহান। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
সম্পদ বিবরণী জমা দিতে গত ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আখতার জাহানকে নোটিশ দেয় দুদক। ওই বছরের ১৯ মার্চ সম্পদ বিবরণী জমা দেন তিনি।
দুদকের তদন্তে ৫৪ লাখ টাকার আয় বর্হিভূত সম্পদ অর্জন ও ১৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের প্রমাণ মেলে।
