২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আদালত অবমাননা আইনের ৮ ধারা কেন বাতিল নয়’

সরকারি কর্মকর্তাদের ‘সুবিধা’ দিয়ে আদালত অবমাননা আইনে সংযোজিত নতুন আটটি ধারা কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন এই রুল জারি করেন।

রুলে ওই আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩ (২) ধারা কেন বাতিল ও সংবিধান বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

১০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এই রিটের বাদী অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট আয়শা খাতুন।

শুনানিতে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, নতুন আইনে এমন কিছু ধারা সংযোজন করা হয়েছে, যেগুলোর মাধ্যমে সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অকার্যকর হয়ে যায়।

“আইনে সংযোজিত ধারাগুলোতে বলা হয়েছে, কোন সরকারি কর্মকর্তা অবসর গ্রহণ করলে তার বিরুদ্ধে বিচারাধীন মামলার অবসান হবে, আদালত অবমাননার মামলায় প্রথমেই সরকারি কর্মকর্তাদের তলব করা যাবে না, আপিল পর্যায়েও আদালত অবমাননাকারী ক্ষমা প্রার্থনা করতে পারবেন, নির্দেশে প্রকাশনা আদালত অবমাননা নয়, খাস কামরায় অনুষ্ঠিত প্রক্রিয়া সংক্রান্ত তথ্য আদালত অবমাননা নয় প্রভৃতি।”

মনজিল মোরসেদ অারো বলেন, “এই বিষয়গুলো সংবিধানের ১০৮ অনুচ্ছেদে প্রদত্ত সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক।”