২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র হচ্ছে: মোশাররফ

খালেদা জিয়াকে গ্রেপ্তার করতেই সরকার পরিকল্পিতভাবে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 12:50 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বুধবার সকালে এক মানবন্ধন কর্মসূচিতে তিনি বলেন, “সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। এটা বুঝতে পেরে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য এখন পুলিশ লেলিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সারাদেশে সন্ত্রাস চালাচ্ছে, মানুষ হত্যা করছে।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে দলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি হয়।

মোশাররফ বলেন, “সরকার নিজেরা সন্ত্রাস করে বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে নেতাদের গ্রেপ্তার করা। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, গ্রেপ্তারে আন্দোলন থেমে থাকবে না। জনগণের আন্দোলনেই এই সরকারের পতন হবে।”

গত ১১ মার্চ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মোস্তাফিজুর রহমান বাবুলসহ ১৫১ জন নেতা-কর্মী আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে পল্টন থানায় দুটি মামলা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্যের সমালোচনা করে সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রী গতকাল বলেছেন, হরতালে নাশকতার মামলায় হুকুমের আসামি করে খালেদা জিয়াসহ নেতাদের গ্রেপ্তার করা হবে। আমি তাকে বলতে চাই, ১/১১ মইনুদ্দিন-ফখরুদ্দিন সরকারও খালেদা জিয়াকে গ্রেপ্তার করে টিকে থাকতে পারেনি। এখন তারা বিদেশে পালিয়ে বেড়াচ্ছে। দেশনেত্রীকে গ্রেপ্তার করে আপনিও পার পাবেন না।”

১/১১ এর সময়ে বন্দি জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “ওই সময়ে মহীউদ্দীন খান আলমগীর ও আমরা একই কারাগারে ছিলাম। তখন তার মুখে অনেক ভালো ভালো কথা শুনেছি। আজ তার কথা শুনে মনে হয়, উনার মতিভ্রম হয়েছে।”

সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ করে মোশাররফ বলেন, “যে ব্লগাররা দেশের ৮০ ভাগ মুসলমানদের ধর্ম বিশ্বাসে আঘাত দিয়েছে, সরকার ওই কিছু সংখ্যক নাস্তিক ব্লগারদের পক্ষ নিয়েছে।”

মেলান্দহ উপজেলা সভাপতি ফয়েজুল ইসলাম রাজু’র সভাপতিত্বে এই মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ মামুন প্রমূখ বক্তব্য রাখেন।