‘তামাক বিল’ নমনীয় করে চূড়ান্ত
তামাক উৎপাদনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণের সুপারিশ রেখে উত্থাপিত বিল চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়া বিলটি এখন পাসের জন্য সংসদে উত্থাপন করা হবে।
তামাক আইন সংশোধনের লক্ষ্যে গত ৪ মার্চ সংসদে বিলটি উত্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। তখন তা পরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল- ২০১৩’ এ তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় কোনো কাজের পৃষ্ঠপোষকতাকে ‘নিষিদ্ধ’ করার কথা থাকলেও তা বাদ দিয়ে ‘নিয়ন্ত্রণ’র সুপারিশ করেছে কমিটি।
তামাকবিরোধী সংগঠনগুলো আইন সংশোধন করে আরো কঠোর করার দাবি জানিয়ে এলেও সংসদীয় কমিটির সুপারিশে তার প্রতিফলন ঘটেনি।
সংসদীয় কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্যোবাকো কোম্পানিগুলো বিভিন্ন ধরনের বৃত্তি ও অনুদান দিয়ে থাকে, যেগুলো সমাজের বিভিন্ন অংশের মানুষের উপকারে আসে। এগুলো বন্ধ করার প্রয়োজন নেই।”
এছাড়া কমিটি ‘পাবলিক প্লেসে’ ধূমপানের অর্থদণ্ড ১০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার সুপারিশও করেছে বলে জানান তিনি।
সংসদে উত্থাপিত সংশোধিত আইনের খসড়ায় তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তামাকজাত দ্রব্যের বিক্রয়স্থলে যেকোনো উপায়ে বিজ্ঞাপন প্রচারও নিষিদ্ধের কথাও বলা হয়েছে।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, “কোনো ব্যক্তি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিলে বা ওই কাজে অর্থ খরচ করলে কোনো তামাক বা তামাকজাত দ্রব্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, সাইন, ট্রেডমার্ক প্রতীক ব্যবহার করবে না।”
শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবারের বৈঠকে মোহাম্মদ আমানউল্লাহ, নাজমুল হাসান ও মো. মুরাদ হাসান অংশ নেন।
