চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় মহিলাসহ তিন জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে।
বিকালে হাটহাজারী উপজেলার বড়ুয়াপাড়ায় নির্মাণাধীন একটি বাড়িতে মাটি চাপা পড়ে মো. মহিবুর রহমান (২৮) নামে এক শ্রমিক মারাত্মক আহত হন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার।
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, নগরীর দেওয়ানহাট সেতুর উত্তর পাশে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত মোটর সাইকেল আরোহী মো. শাহাজাহানকে (৩৫) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নগরীর বন্দর থানার নিউমুরিং এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক মহিলা (৪৫) পথচারী আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এছাড়া দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়ার কচুখাইল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মো. ইদ্রীস আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হন।
তিনি ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে পুলিশ জনায়।
