কুমিল্লায় রেললাইন উপড়ানো: তদন্ত কমিটি
কুমিল্লায় রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এছড়া এ নাশকতায় জড়িত সন্দেহে ইসলামী ছাত্র শিবিরের ১৬ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ছাত্রাবাসে গোপন বৈঠক করার সময় এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী রয়েছেন।
এরা সবাই ইসলামী ছাত্র শিবিরের সদস্য, সাথী ও কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি মো. আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা বিশ্বরোড পদুয়ারবাজার রেলক্রসিংয়ের কাছে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলার ঘটনায় জড়িত সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছে একটি ছাত্রাবাস থেকে এই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এসময় বিপুল সংখ্যক জেহাদি বই উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
রেল লাইন তুলে ফেলার কারণে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে পদুয়ারবাজার রেলক্রসিংয়ে আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে।
এতে আহত হন অন্তত ২০ জন। চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অন্তত দুটি ট্রেনের যাত্রা বাতিল করা হয় এবং বিলম্বিত হয় বেশ কয়েকটি।
তদন্ত কমিটি গঠন
এদিকে এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি পাঁচদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) তোফাজ্জেল হোসেন বলেন, রেলওয়ে পূর্বাঞ্চল সিওপিএস মো. বেলাল উদ্দিনকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিএসপিআই চন্দন কান্তি দাস, পূর্বাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মাহবুবুল আলম ও পূর্বাঞ্চল রেলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী আক্তারুজ্জামান।
