সাঈদীর সনদ বাতিলের সুপারিশ
নীতিমালা না মেনে নাম ও বয়স সংশোধন করায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর সনদ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
দাখিল পাসের ৫০ বছর এবং আলিম পাসের ৪৮ বছর পর বয়স ও নাম পরিবর্তন করার অভিযোগ ছিল একাত্তরের যুদ্ধাপরাধী দল জামায়াতের এই নায়েবে আমিরের বিরুদ্ধে।
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি উপকমিটির সদস্য মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি সনদ বাতিলের সুপারিশ করেছে। পাশাপাশি একটি প্রতিবেদন আগামী বৃহস্পতিবার মূল কমিটির বৈঠকে উপস্থাপন করা হবে।”
সাঈদী ১৯৫৭ সালে দাখিল ও ১৯৬০ সালে আলীম পাস করেন। ২০০৮ সালে তার আবেদনের পরিপ্রেক্ষিতে মাদ্রাসা বোর্ড নাম ও বয়স পরিবর্তন করে।
দাখিল পরীক্ষায় সাঈদীর নাম ছিলো মোস্তফা দেলোয়ার হোসেন, আলিমে আবু নাঈম মো. দেলোয়ার হোসাইন। পরে তা পরিবর্তন করে হয় দেলাওয়ার হোসাইন সাঈদী। একই সঙ্গে দাখিলে তার বয়স করা হয় ১৬ বছর, আলিমে ১৯ বছর।
মো: শাহ আলম বলেন, “পরীক্ষা পাসের এতবছর পর নাম ও বয়স সংশোধন নীতিমালার পরিপন্থী।”
এ ঘটনায় মাদ্রাসা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক মো. ইউসূফের বিরুদ্ধেও (বর্তমানে অবসরপ্রাপ্ত) ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘বয়স সংশোধন দাখিল ও আলীম পরীক্ষার সনদের পরিবর্তে পাসপোর্টে উল্লিখিত বয়সের ভিত্তিতে করা হয়েছে।’
গত বছরের ১২ অগাস্ট সাঈদীর নাম ও বয়স পাল্টানোর বিষয় খতিয়ে দেখতে আব্দুল ওহাবকে আহ্বায়ক করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- মো. শাহ আলম এবং বীরেন শিকদার।
এর আগে গত ২১ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে উপকমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই প্রতিবেদনে সাঈদীর সনদ বাতিল করার সুপারিশ এবং নাম ও বয়স পাল্টানোর ঘটনায় সঙ্গে জড়িত মাদ্রাসা বোর্ডের কর্মকর্তাদের শাস্তির সুপারিশ না থাকায় অসন্তোষ প্রকাশ করেন সদস্যরা।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিবেদনটি অসম্পূর্ন ছিলো। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হবে।”
