২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইয়ে বিষাক্ত গ্যাসে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সেপটিক ট্যাঙ্কে কাজ করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 11:40 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার দুপুরে রশিকনগরে এ ঘটনায় চার শ্রমিক আহত হন।

নিহতরা হলেন রশিকনগর গ্রামের নোমান আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) ও শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামের এজাবুল হকের ছেলে মো. আরিফ (২৮)।

আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, দুপুর ১২টার দিকে সালাম ও আরিফ কাজ করার জন্য গ্রামের একটি মসজিদের নবনির্মিত সেপটিক ট্যাংকের ভিতরে নামেন।

নিচে নেমে তারা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন।

বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করতে গিয়ে মো. বাবু (২৫), মো. তাসিকুল ইসলাম (১৪), মো. আব্দুল খালেক (৫০) ও আব্দুর রশিদ (৪৫) নামে আরো চার নির্মাণ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়ার পথে সালাম এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরিফের মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে, বলেন তিনি।