চাঁদা না দেয়ায় গুলি, নিহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে নারীসহ দুই জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের এ হামলায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়।
নিহতরা হলেন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের মুদি ব্যবসায়ী ও জগদীশপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন খলিল (৪৫) ও একই এলাকার সেতারা বেগম (৬৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি নাজিমুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহত খলিলের বড়ভাই আহত সহিদুল্লাহ সাংবাদিকদের বলেন, তাদের এক ভাই নুরুন নবী সৌদি আরব প্রবাসী। কয়েকদিন ধরে বাড়ির পাশে আরেকটি নতুন বাড়ির সীমানা প্রাচীরের কাজ করছিলেন নুরুন নবী।
কয়েকদিন আগে এলাকার চাঁদাবাজ সবুজ তাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সবুজ সকালে এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।
এ সময় সেতারা, ইসমাইল হোসেন খলিল, পারভিন আক্তার (৪০) ও রোকসানা আক্তার রোজি (২৬) গুলিবিদ্ধ হন।
আহত সেতারাকে চন্দ্রগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে এবং খলিলকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান, বলেন সহিদুল্লাহ।
