২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে পুলিশের সঙ্গে শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া

হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্র শিবির কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 09:41 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

মঙ্গলবার সকালে শহরে শিবিরকর্মীরা বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।

ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, ভূঁইগড় মাহমুদপুর এলাকায় সকাল ৯টায় হরতালের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা। এ সময় তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে।

পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান ওসি আকতার।

এদিকে নারায়ণগঞ্জ শহরের সলিমুল্লাহ সড়কে সকাল সাড়ে ১০টার দিকে টহলরত পুলিশকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে হরতাল সমর্থনকারীরা। তবে সেটি বিস্ফোরিত না হওয়ায় পুলিশ সদস্যরা কেউ হতাহত হয়নি।

পরে পুলিশ হাতবোমাটি উদ্ধার করে নিস্ক্রিয় করে দেয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশরাফুজ্জামান বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া হরতালে তেমন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।