২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আটক ৪৪

ইসলামী ছাত্র শিবির ও ১৮ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতার আশঙ্কায় কক্সবাজার জেলা শহরের বিভিন্ন স্থান থেকে ৪৪  জনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 06:46 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন জানান।

এছাড়া জামায়াত-শিবিরের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

হরতালের সমর্থনে ভোরে জামায়াত-শিবির কর্মীরা শহরের লিংক রোড ও বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল ৯টার দিকে লিংক রোড ও কলেজ গেইট এলাকায় একটি ট্রাক ও চারটি ইজিবাইক ভাংচুর  করে হরতাল সমর্থকরা।

হরতালে সকাল থেকে কক্সবাজার শহরের প্রধান সড়কে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও অফিস-আদালতে স্বাভাবিক কাজকর্ম চলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন, চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া ও উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, হরতালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জামায়াত-শিবিরের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শিবিরের সাবেক নেতা ও স্থানীয় দৈনিক আজকের দেশ-বিদেশ এর প্রধান প্রতিবেদক এম আর মাহবুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর থানার ওসি জসীম উদ্দিন।

তিনি বলেন, মাহবুব কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত সাহিত্য ও নাট্য সম্পাদক ছিলেন।

জামায়াত-শিবির নেতাকর্মীরা সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে ব্যাপক তাণ্ডব চালায়। সেদিন জামায়াত-শিবির কর্মীরা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ালে তিন জন নিহত হয়।

ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে মাহাবুবকে শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি জসীম।

তিনি বলেন, ওই সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাহবুবকে আদালতে পাঠানো হবে।