চট্টগ্রামে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা
চট্টগ্রাম নগরীর উত্তর পাহাড়তলী এলাকায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার রাতে নগরীর ফিরোজশাহ কলোনিতে ছুরিকাহত মোহাম্মদ বেলালকে (২৯) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক ব্যবসায় বাধা দেয়ায় ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ এ ঘটনা ঘটিয়েছে।”
নিহত বেলাল ফিরোজ শাহ কলোনির মৃত রুহুল আমিনের ছেলে। ওই এলাকায় তার একটি মাংসের দোকান রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে বেলালকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলালের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে খুলশী থানা পুলিশ জানিয়েছে।
