২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদে লিপ্ত দলকে নিষিদ্ধের সুপারিশ মিজানুরের

সহিংসতা বা জঙ্গিবাদে লিপ্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধের সুপারিশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ময়মনসিংহ,প্রতিনিধি, বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদে এক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন, “তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এটা যে কোনো সভ্য রাষ্ট্র বা আইন ব্যবস্থার দাবি।”

জাতীয় মানবাধিকার কমিশন পুলিশ ও বিজিবি সদস্যদের জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানবাধিকার বিষয়ক এই আঞ্চলিক কর্মশালার আয়োজন করে।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় দুই দিনব্যাপী এ কর্মশালায় ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার পুলিশের উপ-পরিদর্শক ও বিজিবি সদস্যরা অংশ নিচ্ছেন। কর্মশালা শেষ হবে মঙ্গলবার।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কোনো রাজনৈতিক দলের সহিংসতায় বা জঙ্গিবাদে লিপ্ত হওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

অধ্যাপক মিজানুর বলেন, ধর্মভিত্তিক রাজনীতি দেশের সংবিধানে নিষিদ্ধ নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে সাংবিধানিক বা গণতান্ত্রিক অধিকার আদায়ে কোনো দল সহিংসতায় বা জঙ্গিবাদে লিপ্ত হবে কি না।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, সহিংসতা, জঙ্গিবাদ বা তাণ্ডব সংবিধান, প্রচলিত আইন সমর্থন করে না। এটি কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। তা করলে সংশ্লিষ্ট দলটি ‘সন্ত্রাসী দল’ হয়ে যায়। পৃথিবীর কোথাও সন্ত্রাসী দলকে আইন সমর্থন করে না।

সংখ্যালঘুদের উপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে ড. মিজানুর আরো বলেন, আজ দেশের সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

“আমাদের মনে হয়েছে- আজকে সংখ্যালঘুরা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই নিরাপত্তার জায়গাটা আরো শক্তিশালী ও সফল করতে হলে আমাদের একটা জাতীয় ঐক্য প্রয়োজন এবং সেক্ষেত্রে প্রত্যেক রাজনৈতিক দলের ভূমিকা পালন করার ক্ষেত্র রয়েছে।”

কর্মশালায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, সঞ্জিব দ্রং ও আইএলও’র পরামর্শক লিনা জেসমিন লুসাই।