শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার সীমান্তবর্তী পানিহাটা গ্রামের একটি ড্রেন থেকে স্কুলছাত্রী বিথী দিও (৮) এর লাশ উদ্ধার করে পুলিশ।
বিথী গ্রামের গাব্রিয়েল মারাক ও পূরবী দিওর একমাত্র মেয়ে এবং পানিহাটা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
নালিতাবাড়ী থানার ওসি গোলাম হায়দার সাংবাদিকদের বলেন, বিথীর বাবা-মা ঢাকায় কাজ করেন। সে থাকত একই গ্রামে তার মামাবাড়িতে।
শনিবার সন্ধ্যায় বিথীর এক দূর সম্পর্কের মামা গ্রামের নিশিক মারাকের ছেলে কান্তি দিও (৪০) তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ শেষে শ্বাসরোধে হত্যা করে লাশ ড্রেনে ফেলে রেখে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, রাতে লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্দার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের নানা পতিন্দ্র মারাক বাদী হয়ে কান্তি দিওকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে ওসি জানান।
