মানব পাচার বন্ধে এগিয়ে আসুন: মিজানুর
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিদেশে চাকরি নিয়ে যাওয়ার আগে এ সংক্রান্ত তথ্য ভালো করে যাচাই করে নেওয়া উচিত।
তিনি নিরাপদ এবং বৈধ অভিবাসনের জন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, মানব পাচার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা একা সরকারের কাজ নয়।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডির দৃক গ্যালারিতে মুভ মিডিয়া কমিউনিকেশন্স এর সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিজানুর এসব কথা বলেন।
মুভ মিডিয়া কমিউনিকেশন্স এর নিরাপদ অভিবাসন ও মানব পাচার বিষয়ক জনসচেতনতামূলক সাংস্কৃতিক প্রকল্প ‘স্বপ্নযাত্রা’র তথ্য বিনিময় ও সহযোগিতার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএমইটির পরিচালক (পরিকল্পনা ও প্রশিক্ষণ) ড. মো. নূরুল ইসলাম, এ. কে. মীর মুহাম্মদ হুসাইন, শবনম ফেরদৌস এবং কামাল হোসেন।
অনুষ্ঠানে আহমেদ আবিদ পরিচালিত ও মুভ মিডিয়া কমিউনিকেশন্স প্রযোজিত তথ্যচিত্র ‘... এবং স্বপ্নযাত্রী’ প্রদর্শিত হয় এবং শহিদুল হক খান শ্যানন পরিচালিত ও অবয়ব নাট্যদল প্রযোজিত নাটক ‘ভূমধ্যসাগর’ মঞ্চস্থ হয়।
তথ্যচিত্র এবং নাটকের মাধ্যমে অবৈধ অভিবাসনের করুণ ও মর্মান্তিক চিত্র মানুষের কাছে পৌছে দেয়াই এই সম্মেলনের মূল উপজীব্য।
আরো বক্তব্য রাখেন প্রকল্প স্বপ্নযাত্রা’র পরিচালক আহমেদ আবিদ, শবনম ফেরদৌস, মো. নূরুল ইসলাম, কামাল হোসেন এবং ড. খন্দকার মোর্শেদা ফারহানা।
বক্তারা অভিবাসন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন এবং সরকারি-বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের জনসাধারণকে এব্যাপারে এগিয়ে আসার ও সাহায্যের অনুরোধ জানান।
সংবাদ সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সালাউদ্দিন অটন এবং সাজিদ খান।
প্রকল্প ‘স্বপ্নযাত্রা’র গণমাধ্যম সহযোগী দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
