টর্নেডোয় আহত ফাতেমার চিকিৎসার ব্যয়ভার নিলেন খালেদা
দিনমজুর কালু মিয়ার আহত শিশু ফাতেমার চিকিৎসার ব্যয়ভার নিলেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
গত ২২ মার্চ টনের্ডোর ছোবলে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের কালুর ছোট ঘরটি লণ্ডভণ্ড হয়ে যায়। ওইদিন পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার দুই বছরের শিশুকন্যা ফাতেমাও ডান হাতে আঘাত পায়।
বিরোধী দলীয় নেতা শনিবার বিকালে সুলতানপুরে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলার সময়ে হঠাৎ ফাতিমা তার নজর কাড়ে। খালেদা জিয়া ফাতেমার বাবা-মাকে জিজ্ঞাসা করেন- কেনো এই ছোট মেয়েটির চিকিৎসা হয়নি?
গরিব দিনমজুর বাবা মেয়ের চিকিৎসা করানোর অক্ষমতার কথা বলার পর বিএনপি চেয়ারপারসন ফাতেমার চিকিৎসার দায়িত্ব নেন। তিনি জেলার সিনিয়র সহসভাপতি খালেদ হোসেন শ্যামলকে রোববারই ফাতেমাকে ঢাকায় নিয়ে আসার নির্দেশ দেন।
আবেগাপ্লুত কালু মিয়া হয়ে খালেদা জিয়াকে কতৃজ্ঞতা জানিয়ে বলেন, ‘‘ওই টর্নেডো তার আরেক কন্যাশিশু মারিয়ার জীবন কেড়ে নিয়ে গেছে। ফাতেমা কোনো মতে বেঁচে গেছে।”
বিরোধী দলীয় নেতা ফাতেমার বাবা-মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘‘আমরা আপনাদের পাশে আছি, থাকব। আপনাদের মেয়ে শিগগিরই সুস্থ হয়ে উঠবে।’’
এরপর বিরোধী দলীয় নেতা সুলতানপুর ইউনিয়নের টর্নেডোয় বিধ্বস্ত কয়েকটি বাড়িঘর দেখে হতবাক হয়ে যান। টর্নেডোর ছোবলে গ্রামের সবগুলো বাড়িঘর লন্ড ভন্ড হয়ে গেছে। টিনগুলো দুমড়ে-মুচড়ে পড়ে আছে।
ব্রাহ্মণবাড়িয়ার টর্নেডো দুর্গত এলাকা পরির্দশনের জন্য খালেদা জিয়া শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। তিনি সুলতানপুর, বাসুদেব এবং মাছিহাতা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেন।
গত ২২ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় টনের্ডোয় ৩৪ জনের প্রাণহানি ঘটে। আহত হয় তিন শতাধিক মানুষ। ওই এলাকার পাঁচ শতাধিক বাড়িঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।
