২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রুমী স্কোয়াডের প্রতীকী অনশন

জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে শাহবাগের আমরণ অনশন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে চট্টগ্রামে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে ‘শহীদ রুমী স্কোয়াড, চট্টগ্রাম’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:18 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

শনিবার বিকালে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে তারা ৪টা থেকে ৬টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন।

সংগঠনটির সমন্বয়ক পার্থ প্রতীম নন্দী বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামী ও তাদের সংগঠন ইসলামী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আমাদের সংগঠন গত ২৬ মার্চ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছে।

“তাদের সঙ্গে সংহতি জানিয়ে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করছি।”

প্রতিদিন একই সময়ে তাদের কর্মসূচি পালিত হবে বলেও জানান তিনি।

শনিবার শহীদ রুমী স্কোয়াডের সঙ্গে সংহতি জানিয়েছেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক দিলয়ারা বেগম জলি, নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক সাদাফ-নূর-এ ইসলাম, উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. চন্দন দাশ, গণ জাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি প্রমুখ।