২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্বকী হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বীর ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 01:02 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শনিবার বিকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রামের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, সংস্কৃতিকর্মী, বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি এবং গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৮ মার্চ বেল পৌঁনে ১১টার দিকে নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মেধাবী ছাত্র তকীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ডান চোঁখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল।

ওই ঘটনায় ওইদিন রাতেই রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ত্বকি শহরের চাষাঢ়া এবিবি ইন্টারন্যাশনাল স্কুল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষা দেয়। দেশের সর্ব্বোচ্চ নম্বর পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয় সে।

সমাবেশে বক্তারা বলেন, নারায়নগঞ্জের সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অবিলম্বে ত্বকী হত্যার বিচার চেয়ে নারায়নগঞ্জের ‘সন্ত্রাসী গডফাদার ও মাফিয়াচক্রের ত্রাসের রাজত্ব নির্মূল’ চান।

তারা ত্বকী হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার নিয়ে পুলিশের ‘গড়িমসিতে’ ক্ষোভ প্রকাশ করেন।

কর্মসূচিতে অংশ নেন কবি-সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দিন, নারীনেত্রী নুরজাহান খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চবি নৃবিজ্ঞান বিভাগের সভাপতি সাদাফ নুরে ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিন চৌধুরী, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্য সচিব চন্দন দাশ, সমন্বয়ক শরিফ চৌহান, আবৃত্তিশিল্পী রাশেধ হাসান প্রমুখ।