২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের বিরুদ্ধে অভিযোগ থানায়

পরিবার-পরিজনসহ দুই সংগঠককে হুমকি দেয়ায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বিরুদ্ধে দুটি অভিযোগ হয়েছে থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু ও জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম শুক্রবার সদর মডেল থানায় এ দুই অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শামীম ওসমান তাদের এই হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়, শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত শহীদ তাজুল স্মরণসভার প্রস্তুতি নেয়ার সময় আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু এবং জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলামকে ডেকে হুমকি দেন।

শামীম ওসমান শহীদ মিনারের মুল ফটকে কালো রঙের গাড়িতে বসে তাদের ডেকে বলেন, তোরা অনেক বেড়ে গেছিস। অনেক গভীরে হাত দিয়ে ফেলেছিস। সামাল দিতে পারবি না। বউ পোলাপান নিয়ে এই শহরে থাকতে পারবি না। আজ থেইকা নারায়ণগঞ্জের কী অবস্থা হয় দেখবি।

এরপর তিনি চলে যান।

অভিযোগে তারা নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিখিত অভিযোগ নেয়া হয়েছে। বিষয়টি খোঁজখবর নেয়া হচ্ছে।

এই ব্যাপারে শামীম ওসমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদেরকে তো আমি চিনিই না। এরা আবার কারা? তাদের হুমকি দিবো কোত্থেকে?”

এই বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।