রাবিতে হরতালবিরোধী মিছিল
১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সমাবেশ থেকে হরতালকারীদের প্রতিরোধের ঘোষণা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।
এদিকে হরতালের কারণে রাবি ও রুয়েটে বৃহস্পতিবার কোনো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
দুপুর ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি আহমদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর নেতৃত্বে দলীয় টেন্ট থেকে মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে আবারও দলীয় টেন্টে সমাবেশে মিলিত হয় তারা।
সমাবেশে বক্তারা নাশকতা ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড থেকে বিএনপি-জামায়াতকে বিরত থাকার আহ্বান জানান। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহতের ঘোষণা দেন তারা।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা জহুরুল ইসলাম জহির, সহ-সভাপতি মশিউর রহমান, খালিদ হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জাকির, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মনি ও উপ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান।
