২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরিষাবাড়ির সাংসদ মুরাদের বিরুদ্ধে হত্যা মামলা

জামালপুরের সরিষাবাড়িতে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে এক বিএনপিকর্মীর মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ মুরাদ হাছানসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের স্ত্রী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

স্বাধীনতা দিবসে ফুল দেয়াকে কেন্দ্র করে বুধবার সকালে সরিষাবাড়িতে দুই দলের কর্মীদের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন পৌর বিএনপির কর্মী বেলাল হোসেন।

এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপি শনিবার জামালপুর জেলায় আধাবেলা হরতাল ডেকেছে।

নিহতের স্ত্রী জহুরা বেওয়া বৃহস্পতিবার দুপুরে জামালপুর আমলি আদালতে (‘খ’ অঞ্চল) একটি হত্যা মামলা দায়ের করেন।

জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতা মুরাদ হাছান ছাড়াও তার ফুপাতো ভাই ও আওয়ামী লীগ নেতা নূর-ই-আলম বাবু, তারকান্দি ট্রাক-ট্যাঙ্কলরি মালিক সমিতির সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন, সরিষাবাড়ি উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক ইলিয়াসসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে এ মামলায়।

বাদির আইনজীবী ফজলুল হক জানান, বিচারক আলমগীর হোসেন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য সরিষাবাড়ী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলায় অভিযোগে বলা হয়, ২৬ মার্চ ঘটনাস্থলে উপস্থিত সাংসদ মুরাদ হাসানের নির্দেশে আওয়ামী লীগ নেতকর্মীরা গুলি চালালে বেলাল নিহত হন।

এ ব্যাপারে সাংসদ মুরাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।