খুলনায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
খুলনার তেরখাদা উপজেলায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার বারাসাত গ্রামের বুলু মোল্লাকে (৪৮) বুধবার গভীর রাতে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
রাত তিনটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকাল আটটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত বুলু নয়া বারাসাত গ্রামের মোসলেম মোল্লার ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাভোগের পর সম্প্রতি বাড়ি ফিরেছিলেন বুলু।
তেরখাদা থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, পূর্ব শক্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনার বর্ণনায় ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১২টার দিকে প্রতিবেশি আরিফ বুলুকে বাড়ী থেকে ডেকে পার্শ্ববর্তী একটি মাছের ঘেরে নিয়ে যায়।
“হঠাৎ করে সেখানে থাকা লোকজন চোর চোর চিৎকার করে তাকে বেদম মার দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে বুলুকে উদ্ধার করে।”
