ফেনী প্রেস ক্লাবের সামনে হাতবোমা বিস্ফোরণ
ফেনী প্রেস ক্লাবের সামনে তিনটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থনকারীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিএনপি ও সমমনা ১৮ দলের ডাকা ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে শহরে ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে ছাত্র শিবিরের পিকেটাররা হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে পুলিশ অভিযোগ করেছে।
শিবিরকর্মীরা এ সময় কয়েকটি ইজিবাইক ও রিকশা ভাঙচুর এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া শহরের খাজুরিয়ায় গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বলে জানান সদর মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন।
এ সময় ধাওয়া করে তিন পিকেটারকে আটক করেছে পুলিশ।
দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে স্বেচ্ছাসেবক দল হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে।
এদিকে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমানের নেতৃত্বে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
হরতালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পুলিশের পাশাপাশি র্যাব ও পুলিশের স্পেশাল বাহিনী ‘কোবরা’ মোতায়েন রয়েছে।
