২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণ ভোট চলছে এলেঙ্গা পৌরসভায়

টাঙ্গাইলের কালিহাতির নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 06:02 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সকাল ৮টা থেকে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) -এ নয়টি ওয়ার্ডের ১২টি কেন্দ্রের ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে।

ব্যাপক নিরাপত্তার মধ্যে ভোট শুরুর পর থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।

নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম মেয়র হতে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ জন প্রার্থী।

এরা হচ্ছেন- এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান (কাপপিরিচ), উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জমির উদ্দিন (দোয়াতকলম), এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাফী খান (আনারস), সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সফিকুল ইসলাম তালুকদার শাফি (চশমা), কৃষক-শ্রমিক-জনতা লীগের আতিকুর রহমান সাদেক (তালা)।

সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং নয়টি কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী লড়ছেন।

এ পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৩২৮। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৩২৪ জন ও মহিলা ১৪ হাজার চারজন।