গাইবান্ধায় জামায়াত-বিএনপি সংঘর্ষ
১৮ দলীয় জোটের হরতাল চলাকালে গাইবান্ধার পলাশবাড়ীতে দুই শরিক জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
আহতদের সবাই বিএনপি নেতাকর্মী। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ওসি রেজাউল করিম বলেন, সকালে বিএনপির পিকেটাররা জামায়াত সমর্থকদের কয়েকটি দোকান ভাঙচুর চালায়।
এর জের ধরে সন্ধ্যা ৬টার দিকে উপজেলা বিএনপির সভাপতি শাহ আলমের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করে জামায়াতকর্মীরা।
পরে বিএনপি নেতাকর্মীরা জামায়াত নেতা-কর্মীদের উপর পাল্টা হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান রেজাউল করিম।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ (৫০), স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন মিয়া (৩২), ছাত্রদল নেতা ইউনুস আলী (১৮), কর্মী শরিফুল ইসলাম (২০) এবং ইউসুফ মিয়া (২১)।
