হরতালের আগে নাশকতায় ৭ মামলা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের হরতালের আগের দিন স্বাধীনতা দিবসে রাজধানীতে নাশকতার ঘটনায় বিভিন্ন থানায় সাতটি মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মামলাগুলো করা হয়।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীতে অগ্নিকাণ্ডের ঘটনায় রমনায় থানায় দুটি, নিউমার্কেট থানায় একটি, লালবাগে একটি, তেজগাঁও থানায় একটি, সূত্রাপুর একটি ও কাফরুল থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার আসামির নাম তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।
হরতালের আগের রাতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, মতিঝিল ও মিরপুরে তিনটি বাস, নিউমার্কেট এলাকায় দুটি ট্যাক্সিক্যাব, কারওয়ান বাজারে একটি ট্যাক্সিক্যাব, সেগুন বাগিচায় প্রাইভেটকার, পুরান ঢাকার বাংলাবাজারের কাছে লেগুনা ও ফুলবাড়িয়া আলাউদ্দিন রোডে একটি অটোরিকশা পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
এর আগে ১৮ ও ১৯ তারিখে টানা ৩৬ ঘণ্টা হরতালের আগের দিন রাজধানীতে প্রায় ২০টি যানবাহনে আগুন দেয়া হয়। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় পঁচিশটি মামলা হয়েছিল।
এদিকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন রাজধানীতে গাড়ি ভাংচুর ও গাড়িতে আগ্নিসংযোগের সময় ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিন রাজধানীতে দুটি গাড়িতে আগুন দেয়া হয়েছে বলে জানান মাসুদুর রহমান।
সোমবার বিকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৮ দলের আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে বুধ ও বৃহস্পতিবার টানা ৩৬ ঘণ্টার হরতাল ঘোষণা করেন।
