২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ প্রস্তুতি দিবস পালনের প্রস্তুতি

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস বৃহস্পতিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

‘সকল দুর্যোগ প্রস্তুতি, হ্রাস করবে দুর্গতি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি পালিত হবে।

বুধবার সচিবালয়ে পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।

বুহস্পতিবার সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে দুর্যোগ প্রস্তুতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

এছাড়া ভূমিকম্প মহড়া, দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান মন্ত্রী।

মাহমুদ আলী বলেন, নতুন ঢাকার উচ্চ ভবনগুলোর অধিকাংশ মজবুত হলেও এগুলোর ভিত্তি ততটা ভূমিকম্প সহায়ক নয়। কারণ অধিকাংশ ক্ষেত্রেই মাটি ভরাট করে তার ওপর ভবন তৈরি করা হয়েছে।

ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যেগের পূর্বাভাস আগে থেকে দেয়া যায় না জানিয়ে মন্ত্রী বলেন, প্রাকৃতি দুর্যোগ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো যায়।

দেশের ৩৫ জেলায় আবহাওয়া অফিস রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অন্য জেলাতেও আবহাওয়া অফিস স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইমলাম উপস্থিত ছিলেন।