২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন স্থগিত

ব্যবস্থাপনা কমিটির অনুরোধে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 01:17 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ওই প্রতিকৃতি স্থাপন করার কথা ছিল, যা আগামী ১৭ এপ্রিল স্থাপন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে এক সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) একাংশের নেতার এ ঘোষণা দেন।

বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী জানান, ২৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের কথা ছিল। কিন্তু জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি তাকে চিঠি দিয়ে প্রতিকৃতি স্থাপনের কর্মসূচি স্থগিত রাখার অনুরোধ জানায়।

তিনি বলেন, “আমি আশা করি ১৬ এপ্রিলের মধ্যে প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করবেন।”

তা নাহলে ১৭ এপ্রিল সকাল ১১টার তারা নিজেরাই প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূইয়া, ডিইউজের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাবান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক ও বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে বিএফইউজে ও ডিইউজের অপর অংশ ৮ এপ্রিল সারাদেশে সাংবাদিক নিযার্তনের প্রতিবাদের সাংবাদিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে।

বিএফইউজের এ অংশের সভাপতি রুহুল আমিন গাজী বিকালে এক সাংবাদিক সমাবেশে এ ঘোষণা দেন।