২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারখন্দ বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দেয়ার হুমকি

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পল্লীবিদ্যুতের সাব-স্টেশন জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 10:57 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

সোমবার ১৮ দলীয় জোটের নামে প্রচারিত একটি লিফলেটে এ হুমকি দেয়ার পরপরই ৩৩/১১ কেভির এই স্টেশনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

কামারখন্দ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় কয়েকজন লোক চালা শাহবাজপুর বাজার, পাইকুশা বাজার ও ঝাঐল ওভারব্রিজের কাছে কয়েকটি লিফলেট পেয়ে সোমবার বিকালে থানায় জমা দেন।

এরপর চালা শাহবাজপুর বাজার এলাকায় গিয়ে আরো কয়েকটি ছেঁড়া লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ১৮ দলীয় জোটের নামে কম্পিউটারে টাইপ করা লিফলেটে বলা হয়, ২৬ মার্চের যে কোনো সময় কামারখন্দের সাব-স্টেশনটি আগুনে পুড়িয়ে দেয়া হবে। 

লিফলেট পাওয়ার পরই সোমবার বিকাল থেকে সাবস্টেশনের নিরাপত্তায় একজন এএসআইয়ের নেতৃত্বে পালাক্রমে পাঁচ জন পুলিশ পাহারা দিচ্ছে। 

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুতের মহা-ব্যবস্থাপক (জিএম) তুষার কান্তি দেবনাথ বলেন, কামারখন্দ সাব-স্টেশনের জুনিয়র প্রকৌশলী ফরহাদ মিয়ার কাছ থেকে লিফলেট ও পুলিশ পাহাড়ার বিষয়টি অবগত হয়েছি।

উপ-মহাব্যস্থাপক সুলতান নাসিমুল হক বলেন, সকল কমকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বলেন, দুস্কৃতকারীরা এ ধরনের লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে আতংক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাতের সৃষ্টি করছে।

ওই লিফলেটের সঙ্গে ১৮ দলীয় জোটের কোনো সম্পৃক্ততা নেই।