ফেনীতে আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১২
ফেনীর সোনাগাজী উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
হামলা ও ভাংচুর করা হয়েছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষ হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ও শর্ট গানের গুলি ছুড়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সোনাগাজী পৌরসভা সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে ফিরছিলেন। পথে বাজারের জিরো পয়েন্ট এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় সেখানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানায়।
সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবদীন বাবলু, উপজেলা যুবলীগের আহবায়ক রবিউজ্জমান বাবু, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ, ছাত্রদল নেতা আজাদ, পিয়াস, জসিম, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. ইলিয়াছ আহত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে তাদের ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে ওসি সুভাষ চন্দ্র বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
