২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতা খালেদার শক্তিতে: আশরাফ

যুদ্ধাপরাধের বিচার বানচালে বিরোধী দলীয় নেতা ‘সবচেয়ে বেশি হিংস্র’ ভূমিকা নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মুখপাত্র ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 05:45 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার ভোরে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্যি, যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্য প্রথম থেকেই বাংলাদেশের দুই দু’বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সবচেয়ে বেশি হিংস্র ভূমিকা নিয়েছেন।”

যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির ঘটনাতেও খালেদা জিয়াকে দায়ী করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

তিনি বলেন, “জামায়াতের এতো শক্তি বাংলাদেশে নেই যে তারা পুলিশ হত্যা করবে, সংখ্যালঘুদের হত্যা করবে বা যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বানচাল করবে। সেই শক্তি জামাতের নেই। এই শক্তি হলো বেগম খালেদা জিয়ার শক্তি।”

খালেদা জিয়া ‘সব শক্তি দিয়ে’ যুদ্ধাপরাধের বিচার বানচালে সব ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলেও মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী ।

বিরোধীদলীয় নেতার প্রতি ইংগিত করে সৈয়দ আশরাফ বলেন, “তিনি কয়েকদিন আগে বগুড়ায় গিয়ে- বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের শাসন ব্যবস্থায়, বাংলাদেশের সংবিধানে হস্তক্ষেপ করার জন্য সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছেন। এটা নজিরবিহীন। পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এ ধরনের কোনো ঘটনা অতীতে ঘটেছে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।”

এই বক্তব্যের জন্য বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হলে- খালেদা জিয়ার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হতো বলেও মনে করেন আশরাফ।

খালেদা জিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ অদ্ভূত দেশ। সব কিছু বলেও পার পেয়ে যেতে পারবেন। মামলার বিষয়টা আসে না। কারণ, তিনি সকল আইনের ঊর্ধ্বে।
পৃথিবীর আর কেউ সকল আইনের ঊর্ধ্বে নয়।”

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের যে দাবি উঠেছে সে বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, “যাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। স্বাধীনতার ৪২ বছর পরেও তারা রাজনীতি করে-  এটা একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোথাও নেই।”