২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বিসমটেকের স্থায়ী সচিবালয়ের প্রস্তাব অনুমোদন

ঢাকায় বিমেসটেক’র স্থায়ী সচিবালয় স্থাপন সংক্রান্ত মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশেন স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানিয়েছেন।

প্রস্তাব অনুমোদনের পর বাংলাদেশে (দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) বিমসটেক’র স্থায়ী সচিবালয় হবে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশকে নিয়ে গঠিত অর্থনৈতিক জোট বিমসটেকের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল ও ভুটান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, উদ্যোক্তা দেশ হিসেবে স্থাপনের পর থেকে পরবর্তী পাঁচ বছর এ সচিবালয় রক্ষণাবেক্ষণে বাংলাদেশ খরচ দেবে।

ঢাকায় বিমসটেক সচিবালয় স্থাপন হওয়ার পর বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে, বলেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি জানান, শর্ত অনুযায়ী বিমসটেক স্থায়ী সচিবালয়ের প্রথম সেক্রেটারি জেনারেল আসবেন শ্রীলঙ্কা থেকে, এখানে বিভিন্ন দেশ থেকে পরিচালক নিয়োগ েদেবেন সেক্রেটারি জেনারেল।

বিমসটেক স্থায়ী সচিবালয়ে মন্ত্রী পযায়ের বৈঠকসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সভায় প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের নিশ্চয়তায় ‘বাংলাদেশ জাতীয় সংরক্ষণ কৌশলপত্র’ প্রণয়নে মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন হয়েছে ।

কৌশলপত্র প্রণয়নে নতুন মন্ত্রিসভা কমিটির প্রজ্ঞাপন খুব শিগগিরই জারি করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটিও পুনর্গঠিত হবে বলে জানান তিনি।

সাম্প্রতিক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির পর বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মন্ত্রিসভা কমিটিকে জানাবে ‍জানিয়ে মোশাররাফ হোসাইন বলেন, এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিয়ে হালনাগাদ করে কৌশলপত্রটি চূড়ান্ত করা হবে।

এই কৌশলপত্রটি একটি গুরুত্বপূর্ণ দলিল হবে বলে খুব শিগগিরই তা হালনাগাদ করে চূড়ান্ত অনুমোদন করতে মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান তিনি।