২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পুলিশের বিরুদ্ধে মামলা নেয়নি আদালত

কক্সবাজারে জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে করা তিনটি মামলা খারিজ করেছে আদালত।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

গত ১৫ ফেব্রুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি কক্সবাজারে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে জেলা শহরে রয়েছেন তিনজন।  

শহরে নিহত তিনজনের স্বজনরা বাদী হয়ে সোমবার কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সাইফুল ইসলামের আদালতে পৃথক এই তিন মামলা দায়েরের পর খারিজ করা হয়।   

১৫ ফেব্রুয়ারি নিহত তোফায়েলের স্ত্রী কোহিনুর সোলতানা, নুরুল হকের বোন আরেফা বেগম এবং ২৮ ফেব্রুয়ারি নিহত রশিদের বাবা মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তিন মামলার বাদী।

মামলার নথি থেকে জানা যায়, প্রথম দুই মামলায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতারকে প্রধান আসামি করে ১০০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত পরিচয় রাখা হয় আরো ১৫০ জনকে। রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীর নামও।

এ দুই মামলায় সাঈদী মুক্তি পরিষদের বিক্ষোভ পণ্ড করতে পুলিশ ও আওয়ামী লীগ পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে বলে অভিযোগ করা হয়।

তৃতীয় মামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মনজুর আলমকে প্রধান আসামি করা হয়। অন্যদের মধ্যে রয়েছেন ঈদগাঁও তদন্ত ফাঁড়ির এসআই মনজুর কাদের, এএসআই ফারুক উদ্দিন, এসআই হাসান উদ্দিন, এএসআই রূপন এএমআই প্রিয়তোষ এবং ১৬ জন কনস্টেবল।

এ মামলায়ও আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরের সাঈদী মুক্তি পরিষদের ব্যানারে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়।

এরপর ২৮ ফেব্রুয়ারি ঈদগাঁও পুলিশ কেন্দ্র হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে জামায়াত-শিবির। ওই সময় সংঘর্ষে নিহত হয় দুজন।

এ ঘটনায় এর আগে পুলিশ বাদী হয়ে চারটি মামলা দায়ের করেছে।