২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিএসপি লাইসেন্স সোমবার থেকে

ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) আওতায় কার্যক্রম চালানোর জন্য সোমবার থেকে ভিএসপি লাইসেন্স দেয়া শুরু করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 05:35 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের মহাপরিচালক এ কে এম শহিদুজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

লিগ্যাল অ্যান্ড লাইসেন্সসিং বিভাগের তথ্য অনুযায়ী, লাইসেন্সের জন্য মনোনীত এক হাজার চারটি প্রতিষ্ঠানের মধ্যে ৮৪৪টি প্রতিষ্ঠান লাইসেন্স নিতে টাকা জমা দিয়েছে।

যারা টাকা জমা দিয়েছে শুধু তাদেরই এ লাইসেন্স দেয়া হবে বলে জানান মহাপরিচালক।  

গত ১৬ জানুয়ারি ভিএসপি লাইসেন্সের জন্য এক হাজার চারটি প্রতিষ্ঠানের নাম চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

গত ২২ জুলাই বিটিআরসির ওয়েবসাইটে ভিওআইপি সার্ভিস প্রোভাইডার (ভিএসপি) লাইসেন্স প্রক্রিয়ার চূড়ান্ত নীতিমালা ও লাইসেন্স আবেদন চেয়ে নোটিশ দেয়া হয়।

নীতিমালা অনুযায়ী, ভিওআইপি লাইসেন্স প্রাপ্তরা ভিওআইপি সার্ভিস প্রোভাইডার বা ভিএসপি নামে পরিচিত হবে। অবৈধ ভিওআইপি ঠেকাতে ২০১১ সালে এ লাইসেন্স নীতিমালা প্রক্রিয়া শুরু হয়।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন বৈধভাবে প্রায় চার কোটি  মিনিট কল রেকর্ড করা হয়। এর বাইরে গড়ে প্রতিদিন এক কোটি মিনিটের বেশী কল অবৈধভাবে টার্মিনেশন করা হয়, যাতে সরকারের প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে।

বর্তমানে বৈধভাবে প্রতি মিনিট আন্তর্জাতিক কলে তিন মার্কিন সেন্ট দেশে আসে।