২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশ ২৬ মার্চ

স্বাধীনতা দিবসে শাহবাগে মুক্তিযোদ্ধা-জনতার মহাসমাবেশের ঘোষণা এসেছে গণজাগরণ মঞ্চ থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 04:55 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার রাত ৯টার দিকে এক প্রেসব্রিফিংয়ে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এর আগে ২৫ মার্চের কালরাত স্মরণেও বিভিন্ন কর্মসূচি পালন করবেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করা শাহবাদের তরুণরা।

২৫ মার্চ বিকেল থেকে সাধারণ মানুষকে শাহবাগে জড়ো হওয়ার আহবান জানিয়ে ইমরান জানান, বিকেল ৫টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঢাকার বাইরের গণজাগরণ মঞ্চ থেকে শহীদ মিনারে মৌন পদযাত্রার আহবান জানান তিনি।

“যেখানে গণজাগরণ মঞ্চ নেই, সেখানকার জনগণ নিজ নিজ এলাকায় একটি নির্ধারিত স্থানে জড়ো হবেন এবং সেখান থেকে মৌন পদযাত্রার মধ্য দিয়ে শহীদ মিনারে যাবেন, এই অনুরোধ ব্যক্ত করছি।”

এ দিন সারাদশের স্কুল কলেজে ক্লাস চলার সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প বা কবিতা শোনানোর জন্য শিক্ষকদের আহ্বান জানান ইমরান।

শাহবাগের কর্মসূচির মধ্যে রয়েছে, রাত ১১টায় প্রজন্ম চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে মৌন পদযাত্রা। এর পরে ১১টা ২৯ মিনিট থেকে ১১টা ৩১ মিনিট পর্যন্ত ‘মহাকাব্যিক’ মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণ করা হবে।

১১টা ৩৫ মিনিটে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের গণকবরের উদ্দেশ্যে রওনা দেবে গণজাগরণ মঞ্চ। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে জগন্নাথ হল স্মৃতিসৌধে ১১টা ৫৮মিনিট থেকে ১২টা পর্যন্ত গণহত্যার কালরাত স্মরণে মোমবাতি নিভিয়ে রাখা হবে।

১২টার পর শাহবাগে ফিরে আসার পর ভোরের আলো ফোটার আগ পর্যন্ত চলবে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের প্রদর্শনী।

স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণা করে ইমরান বলেন,“সকাল ৭টায় গণজাগরণ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এরপর সাভার স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হবে।”

তিনি জানান, বিকেলের মহাসমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

চলবে। আর মহাসমাবেশের পর রাত ৮টায় মুক্তিযুদ্ধের ৪২তম বার্ষিকী স্মরণে মঞ্চ থেকে উড়ানো হবে ৪২টি ফানুস।”

স্বাধীনতা দিবসে সারাদেশের গণজাগরণ মঞ্চ ও অন্যান্য স্থানে মুক্তিযোদ্ধা-জনতা মহাসমাবেশ আয়োজনের আহবান জানান গণজাগরণ মঞ্চের এই উদ্যোক্তা।

২৬ মার্চের মধ্যে সরকার জামায়াত-শিবির নিষিদ্ধের প্রক্রিয়া শুরু না করলে গণজাগরন মঞ্চ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন ইমরান।

শুক্রবার গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচির শেষ দিন পর্যন্ত শুধু শাহবাগে ১৭ লাখ স্বাক্ষর সংগৃহিত হয়েছে বলে জানান ইমরান। ২৩ ফেব্রুয়ারি থেকে শাহবাগসহ সারা দেশে এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলেছে।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগ থেকে শুরু হয় গণজাগরণ আন্দোলন।

এই আন্দোলনের মুখে যুদ্ধাপরাধের যে কোনো রায়ের বিরুদ্ধে প্রসিকিউশনের আপিলের সমান সুযোগ রেখে আইন সংশোধন করেছে সরকার। তবে জামায়াত নিষিদ্ধসহ আরো পাঁচটি দাবি রয়েছে গণজাগরণ মঞ্চের।