২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের পর বাবাকে কবরে শোয়ালেন অশ্রুসজল পাপন

আট বছর আগে গ্রেনেড হামলায় নিহত মাকে কবরে শুইয়ে দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেই একই কবরে বাবা রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সমাহিত করলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 10:24 AM

Updated : 25 Apr 2022, 06:30 PM

শুক্রবার বিকালে বনানী কবরস্থানে সমাহিত করা হয় বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতিকে।

এর আগে শুক্রবার জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজার আগে মাকে কবর দেয়ার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন জিল্লুর-আইভির একমাত্র ছেলে সাংসদ নাজমুল হাসান।

“আমার এমনই কপাল আল্লাহ দিয়েছেন, এই হাত দিয়েই আমি আমার মাকে কবর দিয়েছি, এখন বাবাকে কবর দিতে হবে।”

আওয়ামী লীগ নেতা আইভির মৃত্যুর আট বছর পর বুধবার মারা যান জিল্লুর রহমান। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়ে দুদিন পরে মারা গিয়েছিলেন আইভি রহমান।

বাবা রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সম্পর্কে পাপন ময়দানে সমবেত সবাইকে উদ্দেশ্য করে আরো বলেন, “যে মানুষটি সারাজীবন মানুষের সাথে ভাল ব্যবহার করে গেছেন যার কোনো শত্রু ছিল না। সেই মানুষটি আজ আপনাদের ভালবাসা নিয়ে চলে গেছেন।”

জাতীয় ঈদগাহ ময়দানে লাখো জনতার অংশগ্রহণে জানাজা শেষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বনানী কবরস্থানে।

এর আগে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে।

শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ ঢাকায় আসেন এই প্রবীণ রাজনীতিবিদের প্রতি শ্রেষ শ্রদ্ধা জানাতে। জানাজার আগে ঈদগাহ ময়দানেই জুমার নামাজ আদায় করেন তারা।  

বেলা ২টা ১২ মিনিটে রাষ্ট্রপতির মরদেহ ঈদগাহ ময়দানে নিয়ে আসার পর রীতি অনুযায়ী সমবেতদের কাছে বাবার জন্য ক্ষমা চেয়ে নেন সংসদ সদস্য নাজমুল হাসান।

তিনি বলেন, “আপনারা আমার বাবার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন আমি এবং আমার পরিবার সারাজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন।

“তিনি জেনে শুনে কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। যদি মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।

একই সাথে কারো কাছে রাষ্ট্রপতির কোনো দেনা থাকলে তিনি তা পরিশোধ করে দেয়ার অঙ্গীকার করে বলেন, “তার মৃত্যু হয়েছে, এখন আর কিছু করার নেই। শুধু তার জন্য দোয়া করবেন যাতে তার বেহেস্ত নসিব হয়।”

বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।

জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজা শেষে বিকালে বনানী কবরস্থানে স্ত্রী আইভি রহমানের কবরে সমাহিত করা হয় রাষ্ট্রপতিকে।