দুই সপ্তাহেও উদ্ধার হয়নি গৃহবধূ
বেনাপোল পৌরসভার নামাজ গ্রাম উত্তরপাড়ার এক গৃহবধূকে ১৪ দিন পরও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত ৮ মার্চ শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন এই গৃহবধূ (২৬)। তার স্বামী ইয়ার আলী (৩৫) নামাজ গ্রাম উত্তরপাড়ার তালুক মোড়লের ছেলে।
এ ঘটনায় গত ১৬ মার্চ বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা জুলফিকার আলী।
নিখোঁজ গৃহবধূর ভাই লিটন আহম্মেদ বলেন, তার বোন নিখোঁজ হওয়ার পর তাদের বিষয়টি জানায়নি শ্বশুরবাড়ির লোকজন।
তার নিখোঁজের পেছনে স্বামীর হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, মেয়েটি তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। এ বিষয়ে মেয়েটির বাবা থানায় অভিযোগ করলে তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়।
“পরে স্থানীয় সরকারদলীয় নেতারা বিষয়টি দেখবেন বলে দায়িত্ব নেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে,” বলেন এসআই আজিজ।
