রাষ্ট্রপতির জানাজায় মানুষের ঢল
জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের জানাজায় অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার লাখো মানুষ।
বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে তার মরদেহ দেশে আনার পর বঙ্গভবনে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার সকালে কিশোরগঞ্জের ভৈরবে হয় তার প্রথম জানাজা।
দুপুরে এক ঘণ্টার জন্য রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনের দরবার হলে রাখা হয়। বিভিন্ন বন্ধু দেশের প্রতিনিধি, কূটনীতিক ও বিদেশি অতিথিরা সেখানে জিল্লুর রগমানের প্রতি শেষ শ্রদ্ধা জানান।
এদিকে সকাল থেকেই দূর দূরান্ত থেকে নানা শ্রেণী-পেশার মানুষ প্রবীণ এই রাজনীতিবিদের জানাজায় অংশ নিতে জাতীয় ঈদগাহে জড়ো হন। জানাজার আগে সেখানেই জুমার নামারজ আদায় করেন তারা।
জানাজার কারণে শাহবাগ মোড়, মিন্টো রোডের প্রধান বিচারপতির বাসভবনের সামনের রাস্তা এবং পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। তারপরও হাজার হাজার মানুষকে পায়ে হেঁটে ঈদগাহ ময়দানের দিকে ছুটতে দেখা যায়।
তিনি বলেন, “আপনারা আমার বাবার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন আমি এবং আমার পরিবার সারাজীবন আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছেন।
“তিনি জেনে শুনে কারো সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি। যদি মনের অজান্তে কাউকে দুঃখ দিয়ে থাকেন আমি তার পক্ষ থেকে সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
জানাজার নামাজ পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিন। এর আগে রাষ্ট্রপতির জন্য দোয়া করা হয়।
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিপরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, বিকল্প ধারার মহাসচিব আব্দুল মান্নান এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জানাজায় অংশ নেন।
জানাজার পর সশস্ত্র বাহিনী ও ঢাকার জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানকে গার্ড অব অনার দেয়া হয়।
দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ রাষ্ট্রপতির জানাজায় অংশ নিতে পারলেও তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি তারা।
কক্সবাজার থেকে জানাজায় অংশ নিতে আসা আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার (রাষ্ট্রপতি) যে গুণাগুণ তা বর্তমানের আর কোনো রাজনীতিবিদের মতো না। তার সহনশীলতা, দল-মত নির্বিশেষে সবার প্রতি তার যে শ্রদ্ধাবোধ অন্য আর কারো মধ্যে দেখি না।”
রাষ্ট্রপতির স্ত্রী আইভী রহমানের জানাজায়ও অংশ নিয়েছিলেন বলে জানান তিনি।
জানাজা শেষেই রাষ্ট্রপতির মরদেহ নিয়ে বনানী কবরস্থানের দিকে রওনা হয় ফুলে ফুলে সাজানো সেনা বাহিনীর একটি পিকআপ। বনানীতে স্ত্রী আইভি রহমানের কবরেই চিরনিদ্রায় শায়িত হন বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি।
