ঝিনাইদহে সংঘর্ষের ঘটনায় মামলা
ঝিনাইদহে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও হতাহতের ঘটনায় মহেশপুর থানায় দুটি মামলা করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে মহেশপুরের দাড়িয়াপুর গ্রামে আসামি ধরতে গেলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় গুলিতে এক ব্যক্তি নিহত হন।
মহেশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ রাতে ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি দেখিয়ে দুটি মামলা করেন।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের উপর হামলা- গুলি ও বোমা নিক্ষেপ, গাড়িতে ভাংচুর-আগুন, অস্ত্র কেড়ে নেয়ার চেষ্টার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
এছাড়া অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩ জনকে আসামি করে অন্য মামলাটি করা হয়েছে।
ওসি জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও দুটি ছুরি উদ্ধার করেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয়। রায় দেয়ার পর পরই জামায়াত-শিবিরকর্মীরা মহেশপুরে হামলা চালালে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৫ পুলিশ আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা হয়।
ঘোষণা শুনে দাড়িয়াপুর ও আশপাশের ৩-৪ গ্রামের লোক জড়ো হয়ে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর হামলা চালায়।
এ সময় পুলিশ ‘আত্মরক্ষার্থে’ গুলি চালালে ইন্তাজ আলি ওরফে ইন্তাদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন। গুলিবিদ্ধ হন আরো ৪ গ্রামবাসী। সংঘর্ষে ৮ পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়।
