২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক জিল্লুর রহমান

সুমন মাহবুব

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

২০০৭ সালের ১৬ জুলাই নতুন জিল্লুর রহমানকে চিনলাম।

সেদিন ভোরেই গ্রেপ্তার হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে আদালতে তোলার পর শেখ হাসিনা ওখানেই বললেন, দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন জিল্লুর রহমান।

আগের রাত সুধাসদনের সামনেই কেটেছিল আমাদের অনেকের। সকাল দশটার দিকে অফিসে ফিরে কিছু কাজ করে বেলা বারোটার দিকে গেলাম জিল্লুর রহমানের গুলশানের বাড়িতে।

গিয়ে দেখলাম আরো কয়েকজন সাংবাদিকও আছেন সেখানে। রাতের ক্লান্তিতে বিধ্বস্ত আমরা তার ড্রইংরুমে বসে আছি। জিল্লুর রহমান এলেন; এসে বললেন, শেখ হাসিনার মুক্তিই তাদের সামনে একমাত্র পথ।

এরপর থেকে শেখ হাসিনা মুক্তি পাওয়ার আগ পর্যন্ত জিল্লুর রহমানই ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

এর মধ্যে তাকে সামলাতে হয়েছিল সংস্কারবাদীদের। বিভিন্নভাবে তার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার মুক্তির দাবিতে অবিচল ছিলেন অশীতিপর জিল্লুর।

সংস্কারবাদীদের দূরে ঠেলে দেননি তিনি। এমনকি তারা শেখ হাসিনাকে ‘মাইনাস’ করে সংস্কার প্রস্তাব দেওয়ার পরও। সংস্কারবাদীদের নিয়েই জিল্লুর রহমান করেছেন বর্ধিত সভা। যেখানে সংস্কারবাদীদের সব হিসাব-নিকাশ উল্টে গিয়েছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় এসে আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনার মুক্তির দাবি করেন এবং তাকে নিয়েই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন।

খুবই মনে পড়ছে, সে সময়ের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের জাতির উদ্দেশে দেয়া একটি বক্তৃতার পরে জিল্লুর রহমানের প্রতিক্রিয়ারে কথা।

আমরা ৩/৪ জন সাংবাদিক প্রধান উপদেষ্টার বক্তৃতার আগেই জিল্লুর রহমানের বাসায় গেলাম। আমরা বাসার নিচে অপেক্ষা করছি। কীভাবে যেন উনি জানতে পারলেন যে আমরা নিচে। আমাদের পাঁচতলায় ডেকে পাঠালেন। আমরা ওপরে গেলাম। বাসার ভেতরের ড্রইংরুমে লুঙ্গি পরে বসে আসেন তিনি। বললেন, “আসেন এক সাথেই বক্তৃতা শুনি।”

এর মধ্যে এক সংস্কারবাদী নেতা ওই বাসায় এসে হাজির। প্রধান উপদেষ্টার বক্তৃতার পর ওই সংস্কারবাদী নেতা ‘লিডারকে’ (জিল্লুর রহমান) বোঝালেন সাংবাদিকদের কী বলতে হবে। জিল্লুর রহমান ওই নেতার সব কথা শুনলেন। তারপর, আমাদের যা বলার তাই বললেন।

জিল্লুর রহমান আমাদের সবাইকেই ‘আপনি’ বলে সম্বোধন করতেন।

নির্বাচনের পরে উনাকে বঙ্গভবনে দেখলাম একদিন, তখন তিনি রাষ্ট্রপতি। আমাদের (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) একটা অনুষ্ঠান ছিল ২০০৯ সালের ২৪ নভেম্বর। আমাদের নতুন ওয়েবসাইটের উদ্বোধন। ওই অনুষ্ঠানে আমি ছাড়াও আমাদের অফিসের অনেকেই উপস্থিত ছিলেন। আরো ছিলেন আরটিভির শরীফ উদ্দিন লিমন।

অনেকের মতো আমি আর লিমনও শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর নিয়মিত জিল্লুর রহমানের বাসায় যেতাম।

বঙ্গভবনের এক কোনায় আমরা দুজন দাঁড়িয়ে আছি। আমাদের অফিসের সবাই রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করছেন।

লিমন বললো, “সুমন ভাই যাবেন? হাত মেলাতে?” আমি পাল্টা প্রশ্ন করলাম, “চিনবে তো?” এরপর, লিমনকে বললাম, “চলেন যাই, যা থাকে কপালে।”

লাইন ধরে এগুচ্ছি, রাষ্ট্রপতির সামনে আসতেই সালাম দিয়ে হাত বাড়ালাম। উনি প্রাণখোলা হাসি দিয়ে বললেন, “আরে, আপনারা? আপনারা আসেন না কেন?”

তারপর ওনার পেছনে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের আমাদের দু’জনকে দেখিয়ে বললেন, “এই যে এই দুজনকে দেখেন। এদের সঙ্গে আরো অনেকে ছিল। তখন যত রাতই হোক, আর যত ঝঞ্ঝাই থাকুক না কেন- যখনই ডেকেছি আমার বাসায় চলে এসেছে।”

আমরা দুজনই অবাক হয়ে রাষ্ট্রপতির দিকে তাকিয়ে থাকলাম।