সোয়া লাখের বেশি বাংলাদেশি হজ পালন করবেন এবার
দুই ধরনের হ্জ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এসব প্যাকেজের আওতায় চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।
বুহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ অক্টোবর হজ হতে পারে।
এবার অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরব যাওয়া যাবে। সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরব যেতে পারবেন।
চলতি বছর এক নম্বর প্যাকেজে তিন লাখ ৪৭ হাজার ২৭ টাকা এবং দুই নম্বর প্যাকেজে দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকায় হজে যাওয়া যাবে।
এছাড়া প্রত্যেক হজযাত্রীকে কোরবানি বাবদ নয় হাজার ৪৫০ টাকা সঙ্গে নিতে হবে বলে তথ্যবিবরণীতে বলা হয়েছে।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাইলে আগামী ৩০ মের মধ্যে টাকা জমা দিতে হবে।
হজে যাওয়ার আবেদন ফরম জেলা প্রশাসকের কার্যালয়/ইসলামিক ফাউন্ডেশনের জেলা ও বিভাগীয় কার্যালয়/ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দ্বীনি দাওয়াত বিভাগের কার্যালয়/উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়/তালিকাভুক্ত ২৩টি ব্যাংকের শাখা, সচিবালয়ের হজ শাখা এবং ঢাকা হজ অফিস থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়া www.hajj.gov.bd ওয়েবসাইট থেকে অনলাইনে ফরম পূরণ করে তা ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে স্বাক্ষর করে জমা দেয়া যাবে।
তথ্যবিবরণীতে আরো বলা হয়, সরকার ঘোষিত ন্যূনতম প্যাকেজ দুই লাখ ৭৮ হাজার ৭৪২ টাকার কমে কোনো হজ এজেন্সি প্যাকেজ ঘোষণা করতে পারবে না।
প্রত্যেক হজ এজেন্সিকে হজযাত্রীর সঙ্গে সরকার নির্ধারিত ফরমে পৃথক চুক্তি করতে হবে। হজ এজেন্সি ও হজযাত্রীর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া কোনো এজেন্সি হজ বাবদ অর্থ নিতে পারবে না ও ভিসা প্রক্রিয়াকরণ হবে না।
চুক্তির মূলকপি হজযাত্রীর কাছে, একটি অনুলিপি ঢাকার হজ অফিসে এবং অন্যটি হজ এজেন্সির কাছে সংরক্ষিত থাকবে।
বিগত পাঁচ বছরে হজ করেছেন এমন ব্যক্তিদের এ বছর হজের অনুমতি দেয়া হবে না বলে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। তবে মাহরামের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্সসহ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত এয়ারলাইন্স হজযাত্রী পরিবহণের দায়িত্ব পালন করবে।
সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের হজে যাওয়ার তিন দিন আগে ঢাকার আশকোনার হজক্যাম্পে আসতে হবে।
বিমান কর্তৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী কোনো হজযাত্রী বিমানে ৩২ কেজির বেশি মালামাল বহন করতে পারবেন না।
রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ সঙ্গে নেয়া যাবে না। তবে ডায়াবেটিস, হৃদরোগসহ কিছু ক্ষেত্রে প্রেসক্রিপশনসহ ৫০ দিনের ঔষধ সঙ্গে নিয়ে যেতে পারবেন।
হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হজ অফিসের পরিচালকের ৮৯৫৮৪৬২ ও ৭৯১২৩৯১ নম্বর ফোন, ধর্ম মন্ত্রণালয়ের ৭১৬৩৬৭৮, ৯৫১২২৩৯, ৯৫১২২৩৮, ৭১৬০৩৯৭, ০১৭১৫০০৯৭৭১, ০১৭২০০১৭৩৭৭, ০১৭১৫১৯৩৩২৪, ০১৫৫২৪৪৫২৮০, ০১৭১১৮০৩৪৪১ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া প্রত্যেক জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং জেলায় অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ও ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয় থেকে জানা যাবে।
