২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর সংলাপ চেয়ে রিটের আদেশ ঝুলে গেল

সরকারি ছুটি ঘোষণার পর আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঝুলে গেল দেশের দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতার মধ্যে সংলাপের নির্দেশনা চেয়ে করা দুই রিটের আদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 01:09 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

সুপ্রিম কোর্টের চলমান অবকাশে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত রিট এখতিয়ারের বেঞ্চ এই মামলা শুনানির জন্য ছিল।

ব্যারিস্টার নাজমুল হুদা শুনানিও শুরু করেন। এক পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সরকারি ছুটির বিষয়টি আদালতকে জানান। তখন দুই বিচারক এজলাস থেকে নেমে যান।

এজলাস থেকে নামার আগে ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘তাহলে তো এই রিট আমরা আর শুনতে পারবো না। চলমান অবকাশে রিট মামলার শুনানির জন্য আমাদের শেষ কার্যদিবস আজই ছিলো।’

এ সময় একটি রিটের আবেদনকারী ইউনুস আলী আকন্দ বলেন, মাই লর্ড আপনার রিট আবেদনটি প্রাধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন। যেন তিনি আবার আপনাদের কাছে শুনানির জন্য পাঠান।

জবাবে আদালত বলে, ‘সেটা আমরা বলতে পারবো না।’

ড. ইউনুস আলী আকন্দকে উদ্দেশ্য করে আদালত বলেছে, ‘আপনি যদি এই দুই বিচারপতির সমন্বয়ে গঠিত আদালতেই এই মামলার শুনানি করতে চান তাহলে প্রধান বিচারপতির কাছে আবেদন করতে পারেন। আমরা আগামী বুধবার বসতে পারবো। বিষয়টি আপনাকে জানিয়ে রাখলাম। আপনি আপনার আবেদনে এটা উল্লেখ করতে পারেন।’

পরে ইউনুস আলী আকন্দ বলেন, এই দুই বিচারপতির সমন্বয়ে বেঞ্চ দেয়ার জন্য আমি দুপুরের মধ্যে একটি আবেদন প্রধান বিচারপতির দপ্তরে জমা দিচ্ছি।

বৃহস্পতিবারের শুনানিতে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, এদেশ পরিচালনায় কারো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ নয়। কেবল দুই জনের সিদ্ধান্তে এই দেশ বদলে দেয়া যায়। এখন এক নেত্রী বলছেন, এভাবে নির্বাচন হবে। আরেকজন বলছেন, এভাবে হবে না। এটা নিয়ে সংঘাতে আমার নিরাপত্তা নেই। সহিংসতায় আমার গাড়ি ভাংচুর হয়ে যাচ্ছে।

“পাল্টাপাল্টি অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে, পর মুহূর্তে আমার জানমালের কী হবে, তা আমরা জানি না। এই পরিস্থিতি থেকে উত্তরণে দুই নেত্রী আলোচনায় বসতে মন থেকে চাচ্ছেন কি-না, তা আমরা জানি না।

“দেশে-বিদেশে সবাই বলছেন, সংলাপের কথা। কিন্তু কে নিবে এই উদ্যোগ? কাউকে না কাউকে এ বিষয়টি নিয়ে এগিয়ে আসতে হবে। এ জন্য হয়তো জনগণকে রাস্তায় নেমে আসতে হবে, নয়তো চাপ দিতে পারে এমন কাউকে উদ্যোগ নিতে হতে পারে। যা সবচেয়ে ভালোভাবে করতে পারে এই আদালত।”

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

এই রিট দুটির মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত ১৪ মার্চ ও ডেইলি মর্নিং পোস্টের সম্পাদক ও প্রকাশক হাবিবুল বাশার ১৮ মার্চ আবেদন দুটি করেন। মঙ্গলবার শুনানির পর আদালত বুধবার আবেদন দুটি আদেশের জন্য রাখলেও ওইদিন ব্যারিস্টার নাজমুল হুদার আবেদনে বৃহস্পতিবার পর্যন্ত আদালত সময় বাড়ায়।

রিট দুটির পক্ষে মঙ্গলবার দুই আবেদনকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ এবং হাবিবুল বাশার নিজেই আদালতে শুনানি করেন।

‘রাজনৈতিক সংকট’ নিরসনে এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার জন্য নির্দেশনা দিতে এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিহার করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে কেন র্নিদশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল চাওয়া হয় ইউনুস আলীর রিটে। 

তার আবেদনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল, বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়।

হাবিবুল বাশারের আবেদনেও দুই নেত্রীর প্রতি একই ধরনের নির্দেশনা চাওয়া হয়।

শুনানিতে ইউনূসর আলী বলেন, “সাম্প্রতিক দিনগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশের মানুষের স্বার্থে এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান ত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রয়োজন।”

আদালত এ সময় বলে, সংলাপ ও নির্বাচন নিয়ে তো সংবিধানেই বলা আছে।

জবাবে আবেদনকারী বলেন, বর্তমানে দুই প্রধান দলের মধ্যে ‘বিদ্বেষপূর্ণ’ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আদালতের নির্দেশনা প্রয়োজন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।   

এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি বলেছেন, সংলাপে তার দলের আপত্তি নেই, তবে বিএনপিকে আলোচনায় আসতে হবে কোনো শর্ত ছাড়াই।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া কয়েকদিন আগে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়ে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছেন।

ক্ষমতাসীন ও বিরোধী দলের এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গত ৯ মার্চ নাজমুল হুদা বলেন, কোনো ধরনের শর্ত ছাড়াই আগামী নির্বাচন নিয়ে বড় দুই দলের আলোচনায় বসা উচিত।

বিএনপিতে থাকার সময়ও দুই নেত্রীকে আলোচনার টেবিলে আনার পক্ষে কথা বলে দলের ভেতরে-বাইরে আলোচিত-সমালোচিত হন হুদা।

পরে বিএনপি থেকে বেরিয়ে গিয়ে নতুন দল করলেও সম্প্রতি সেখান থেকেও বহিষ্কৃত হন এই আইনজীবী।