রাষ্ট্রপতির মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার শোকাচ্ছন্ন হয়ে পড়েন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশিরা।দলীয় পরিচয় ভুলে যুক্তরাষ্ট্র প্রবাসী সব দলের নেতা-কর্মী ও সাধারণ বাংলাদেশিরা শোক প্রকাশ করেন। রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের রাজনীতির ইতিহাসে প্রয়াত এই রাষ্ট্রপতির নাম চির স্মরণীয় হয়ে থাকবে।”
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, মহাসচিব মোস্তফা কামাল পাশা বাবুলসহ প্রবাসীদের বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা রাষ্ট্রপতির মৃত্যুতে শোক প্রকাশ করেন।
নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সবগুলো মসজিদে বৃহস্পতিবার বাদ যোহর প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্যে বিশেষ দোয়া-মাহফিল হওয়ার কথা রয়েছে।
