রাষ্ট্রপতির মরদেহ বঙ্গভবনে
শেষবারের মতো দেশের মাটিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বৃহস্পতিবার বেলা ১২টার পর বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট রাষ্ট্রপতির কফিন নিয়ে সিঙ্গাপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দরে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতির ছেলে সাংসদ নাজমুল হাসান ও পরিবারের অন্য সদস্যরাও একই বিমানে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, মন্ত্রিসভার সদস্য, শেখ রেহানা এবং তিন বাহিনীর প্রধানরাও এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
বিমান থেকে কফিন নামানোর পর সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রপতির প্রতি রাষ্ট্রীয় সম্মান জানায়।
মেজর জেনারেল ও তদোর্ধ্ব পদ মর্যাদার দশজন সেনা কমকর্তা লাল গালিচার ওপর দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনিটি নিয়ে যান অস্থায়ী শোক বেদীতে।
সেখানে সবার আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ। পায়জামা-পাঞ্জাবি ও কালো মুজিব কোট পরিহিত আব্দুল হামিদকে এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান। ২০১৩ সালের ২০ মার্চ জীবনাবসান ঘটেছে তার।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতির কফিন নিয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা হয় সেনাবাহিনীর একটি পিক আপ। সাদা-লাল ফুলে সাজানো গড়িটির পেছনটি ঢাকা ছিল জাতীয় পতাকায়।
এ সময় নানা বয়সী হাজারো মানুষকে শোক আর শ্রদ্ধাভরে কালো পতাকা হাতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কারো কারো হাতে দেখা যায় শোকবাণী লেখা প্ল্যাকার্ড।
বিমানবন্দর সড়ক, বনানী, মহাখালী ফ্লাইওভার, প্রধানমন্ত্রীর কার্যালয়, ফার্মগেইট, বাংলামোটর, রূপসী বাংলা, মৎস্যভবন, আবদুল গণি রোড, জিপিও ও স্টেডিয়াম হয়ে বেলা ১টার পর দিকে বঙ্গভবনে পৌঁছায় রাষ্ট্রপতির কফিনবাহী গাড়িবহর।
রাষ্ট্রপতির মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান ৮৪ বছর বয়সী মো. জিল্লুর রহমান। ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
