২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৌলবাদী চক্রকে আইনের আওতায় আনতে হবে’

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ধর্মের দোহাই দিয়ে মৌলবাদী চক্র সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

তিনি আরো বলেন, “তাই তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কোন অবস্থায়ই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখার কোন পথ নেই।”

বুধবার বিকালে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  ‘মানবাধিকার সুরক্ষায় নাগরিকের কর্তব্য’শীর্ষক এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিজানুর বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন দেশের মানুষের কপালে কলঙ্ক লেপে দিয়েছে। অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে। ফলে দেশ আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড়িয়ে।

এই ‘অশুভ’ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।  

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) আবু বকর সিদ্দিক, সিভিল সার্জন ডা. আহাদ আলী, মানবাধিকার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ, সদর ইউএনও মামুনুর রশিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মণ্ডল, সিপিবি নেতা মিহির ঘোষ প্রমুখ।

ড. মিজানুর রহমান বৃহস্পতিবার সুন্দরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র, রেল স্টেশন ও মন্দির, সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন।