২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২টি ব্যাংকে মওদুদ-হাসনার ২০০টি এফডিআর

বিএনপি নেতা মওদুদ আহমদ ও তার স্ত্রী হাসনা মওদুদের নামে ১২টি ব্যাংকে ২০০ টি এফডিআর এর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 04:30 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এই এফডিআরগুলোতে অর্থের পরিমাণ ২০ কোটি টাকার বেশি হবে বলে দুদক তদন্ত কর্মকর্তার ধারণা।

ব্যাংকগুলো হল- প্রাইম ব্যাংক(মতিঝিল শাখা), আল আরাফা ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক(দিলকুশা), আইএফআইসি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক এবং ট্রাস্ট ব্যাংক।

এসব এফডিআরের প্রতিটিতে পাঁচ লাখ টাকা থেকে ২০ লাখ পর্যন্ত টাকা রয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন উর রশিদ।

২০০টি এফডিআরে মোট অর্থের পরিমাণ কতো হতে পারে জিজ্ঞেস করা হলে হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমরা এখনো হিসাব করে দেখিনি, তবে ধারণা করছি টাকার পরিমাণ ২০ কোটি ছাড়িয়ে যাবে।”

মওদুদ-হাসনা দম্পতির এই অর্থ অপ্রদর্শিত কি-না তা যাচাইয়ের জন্য ইতোমধ্যে এনবিআর থেকে আয়কর নথি সংগ্রহ করা হয়েছে বলে জানান এই দুদক কর্মকর্তা।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদের ব্যাংকের হিসাব এবং আয়করের হিসাব খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে মওদুদের সম্পদের হিসাব জানতে চেয়ে গত বছর জুনে  যুক্তরাজ্য সরকার বরাবর মিউচুয়্যাল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট(এমএলএআর)পাঠিয়েছিল দুদক।

চলতি বছরের জানুয়ারিতে ওই এমএলএআর এর উত্তর পাঠায় যুক্তরাজ্য সরকার।এতে জানানো হয়, লন্ডন শহরে ব্যারিস্টার মওদুদের স্ত্রীর নামে দুটি বাড়ি রয়েছে।

সম্পদ বিবরণীতে এই তথ্য গোপন করা হয়েছিল বলে জানিয়েছেন দুদকের এই তদন্ত কর্মকর্তা।

লন্ডনে বাড়ি ক্রয় সংক্রান্ত বিশদ তথ্য জানতে চেয়ে আরো একটি এমএলএআর যুক্তরাজ্য সরকার বরাবর গত ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছে।

দুদকের তদন্ত কর্মকর্তা হারুন বলেন, “লন্ডনে বাড়ি কেনার সাথে এই অর্থের সম্পর্ক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে জানতে মওদুদ অহমদের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও প্রতিবারই কল কেটে দেন তিনি।