সুন্দরগঞ্জ থানার ওসি প্রত্যাহার
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমানকে প্রত্যাহার করে বুধবার রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সুন্দরগঞ্জে জামায়াত-শিবিরের সহিংসতা দমনে ওসির ব্যর্থতার অভিযোগ আনে এলাকাবাসী। এরপর তাকে প্রত্যাহার করা হল।
গত ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। এসব ঘটনায় চার পুলিশ সদস্যসহ আটজন নিহত হন।
জামায়াত-শিবিরকর্মীরা থানা, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র, রেলস্টেশন, ব্যবসা প্রতিষ্ঠান ও সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়িতে ভাংচুর ও আগুন দেয়।
